লক্ষ্মীপুরে ৯ শিক্ষার্থী এসএসসি দিতে পারছে না, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের অবহেলার অভিযোগে ৯ শিক্ষার্থী চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) কামানখোলা অলি উল্ল্যা মুসলিম পলিটেকনিক একাডেমির শিক্ষার্থী ও অভিভাবকেরা সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

অভিভাবকদের দাবি, ফরম পূরণের টাকা, কোচিং ফি, বিলম্ব ফি এবং বকেয়া বেতনসহ সব ধরনের অর্থ পরিশোধ করার পরও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণ করা হয়নি। বরং এসব অর্থ আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ফলে পরীক্ষায় অংশ নিতে না পেরে ৯ শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে।

অভিভাবকেরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের চলতি বছরই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ছৈয়দ আহমেদ ভূঁইয়া বলেন, “এই ৯ শিক্ষার্থী গত বছর পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে একটি বিষয়ে অকৃতকার্য হয়। আমি একাধিকবার বোর্ডে গিয়েও তাদের পরীক্ষার ব্যবস্থা করতে পারিনি। ফরম ফিলাপের জন্য তারা যে টাকা দিয়েছে, তার চেয়েও বেশি খরচ হয়েছে। আগামী বছর তাদের ফরম পূরণের ব্যবস্থা করা হবে।”

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারছে না—এটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে তলব করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।