লক্ষ্মীপুরে ৯ মাস থেকে ১৫ বছরের নিচু বয়সী শিশুদের জন্য টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করেছে।

রোববার সকালে লক্ষ্মীপুর কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন সভাপতিত্ব করেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মোস্তফা মাহতাব তুহা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোহাম্মদ নবির উদ্দিন, ডা. নাহিদ রায়হানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন সাংবাদিকদের জানান, জেলার ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ৪ লাখ ১৬ হাজার ৭১২ জন এবং কমিউনিটি পর্যায়ে ২ লাখ ১৩ হাজার ২৬৬ জন শিশুকে এই টিকা দেওয়া হবে। পৌরসভাসহ ৫টি উপজেলায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, “এই টিকাদান ক্যাম্পেইন দিয়ে আমরা শিশুদের মধ্যে টাইফয়েড রোধে বিশেষ অবদান রাখতে চাই। এটি জেলার স্বাস্থ্য সুরক্ষায় একটি বড় পদক্ষেপ।”

টিকা কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তর ও স্বাস্থ্যকর্মী মাঠে কাজ করছেন।