
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে কোরআন মুখস্থ সম্পন্নকারী ৬০ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মাননা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় বার্ষিক ইসলামী মাহফিলের। এতে হাফেজদের হাতে পাগড়ি তুলে দেন মাদরাসা কর্তৃপক্ষ।
চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের হাফেজদের আনুষ্ঠানিকভাবে পাগড়ি পরিয়ে দেন। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর–৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস মাওলানা হারুন আল মাদানী, বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারীসের মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, নোয়াখালীর আল ইসলামিয়া দারুল উলুম চর মটুয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল বাসেতসহ আরও অনেকে।
অনুষ্ঠানে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদরাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, হাফেজরা সমাজে আলোর পথপ্রদর্শক। কোরআনের বাণী হৃদয়ে ধারণ করে তারা নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দেবে। তাঁদের সুন্দর কণ্ঠে কোরআন তিলাওয়াত মানুষকে অনুপ্রাণিত করবে এবং কোরআন শিক্ষায় অন্যরাও উৎসাহিত হবে।
