
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের মজুচৌধুরীহাট ফেরিঘাট দিয়ে অবৈধভাবে পাচারের সময় সরকারি ৩০০ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌপথ ব্যবহার করে একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি সার পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মজুচৌধুরীহাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ৩০০ বস্তা টিএসপি ও ডিএপি সার জব্দ করা হয়।
অভিযানের সময় দায় স্বীকার করায় সার ব্যবস্থাপনা আইনে দেলোয়ার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস বলেন, ‘সরকারি সারের অবৈধ পাচার রোধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জব্দ করা সার সরকারি গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
