
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলায় মায়ের সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় খোদেজা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে ফখরুল ইসলাম রাজু (৩৫) ও পুত্রবধূ মানিকা আক্তার স্বপ্নাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে রাজু ও তাঁর স্ত্রী স্বপ্না বৃদ্ধা খোদেজা বেগমের ওপর চড়াও হন। সম্পত্তি লিখে দেওয়ার দাবিতে তাঁরা খোদেজা বেগমকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে বৃদ্ধার গলায় কাপড় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। ওই সময় খোদেজা বেগমের ছোট ছেলে রাকিব হোসেন ঘরে ঢুকে মাকে উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ছেলে রাজু ও তাঁর স্ত্রী বৃদ্ধা খোদেজা বেগমকে মারধর করে গলায় কাপড় পেঁচিয়ে হত্যার চেষ্টা চালান। পরে ছোট ছেলে এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
সদর থানা-পুলিশ জানায়, এ ঘটনায় ছোট ছেলে রাকিব হোসেন বাদী হয়ে ভাই ফখরুল ইসলাম ও ভাবি মানিকা আক্তারকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। দুপুরে আসামিদের আদালতে পাঠানো হলে বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com