
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হামলা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই পরিবারের সদস্যরা। গত ২৬ এপ্রিল বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাগবাড়ি এলাকার একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহাতাব উদ্দিন ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ভাই পৌরসভার মেয়র প্রার্থী আফতাব উদ্দিন ভূঁইয়া।
লিখিত বক্তব্যে মাহাতাব উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, তাঁদের পরিবার প্রায় ৪৮ বছর ধরে বাড়ির পাশের একটি খরিদকৃত সম্পত্তি ভোগদখল করে আসছে। গত ৯ এপ্রিল দুপুরে পারিবারিক কবরস্থান সংস্কারের সময় স্থানীয় কয়েকজন বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
তিনি দাবি করেন, হামলায় তিনি, তাঁর ভাই আফতাব উদ্দিন ভূঁইয়া এবং তাঁদের মা গুরুতর আহত হন। এ সময় ঘটনাটি মোবাইলে ধারণ করে তা বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, প্রতিপক্ষের লোকজন তাঁদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং নিয়মিত হুমকি দিচ্ছে।
মাহাতাব উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।”
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com