
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভার উত্তর তেমুহনী এলাকায় সমালোচনার মুখে একটি বিলবোর্ড থেকে আপত্তিকর বিজ্ঞাপন সরিয়ে নেওয়া হয়েছে। পরিচর্যাবিষয়ক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেরিল-এর ওই বিজ্ঞাপনটি পৌর প্রশাসনের হস্তক্ষেপে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে অপসারণ করা হয়।
পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উত্তর তেমুহনী সড়কের পাশে বিলবোর্ডে বিজ্ঞাপনটি টানানোর পর থেকেই স্থানীয়দের মধ্যে সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-এ ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
এ নিয়ে একদল শিক্ষার্থী পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার আগেই বিষয়টি নজরে নেয় পৌর কর্তৃপক্ষ। পরে ইজারা পাওয়া বিজ্ঞাপন কোম্পানিকে বিষয়টি জানানো হলে তারা বিলবোর্ড থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা আবুল হাসান সোহেল বলেন, বিজ্ঞাপনটিতে মডেলকে আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। দূর থেকে তেমন বোঝা না গেলেও সামনে দাঁড়ালে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিশেষ করে সন্তানদের স্কুলে নেওয়ার সময় বিষয়টি অভিভাবকদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। এ কারণে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও লিখিত আবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছিল। তবে তার আগেই বিজ্ঞাপনটি অপসারণ করা হয়।
লক্ষ্মীপুর পৌর প্রশাসক জসিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছিল। পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত অভিযোগও জমা পড়ে। তবে তার আগেই পৌর প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। পরে ইজারাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে তারা বিজ্ঞাপনটি সরিয়ে নেয়।
পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের অনুভূতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় যেন জনসমক্ষে প্রদর্শিত না হয়, সে বিষয়ে তারা সতর্ক থাকবে।
