
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণার পর লক্ষ্মীপুরে উল্লাস প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষার্থীরা। রায়কে স্বাগত জানিয়ে তারা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল করেন।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার পর সন্ধ্যা শহরের প্রেস ক্লাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জড়ো হন। সেখানে তারা স্লোগান দেন, মিষ্টি বিতরণ করেন এবং রায় কার্যকরের দাবি জানান।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার অর্থ সম্পাদক জুনায়েদ হোসাইন খান, দপ্তর সম্পাদক ইসমাইল হোসাইন ফয়সাল, সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, সদস্য সচিব সাইদুর রহমান রাফি, এনসিপির জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।
ট্রাইব্যুনালের এ মামলায় জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।
