
নাজমুল হোসেন : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি সচেতনতা গড়ে তুলতে লক্ষ্মীপুর জেলায় প্রথম ধাপে আড়াই হাজার বৃক্ষ রোপণ করেছে জেলা ছাত্রদল।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্য সচিব হাসিবুর রহমান অভি যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের প্রাতিষ্ঠানিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; পরিবেশ ও সমাজের প্রতিও তাদের সমান দায়বদ্ধ হতে হবে। বৈশ্বিক উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপণ একটি অত্যন্ত মহৎ ও সময়োপযোগী পদক্ষেপ। শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে।’
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক ধাপে লক্ষ্মীপুর সরকারি কলেজ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রামগতি সরকারি কলেজ ও লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রকাশ্য স্থানে ফলজ, বনজ এবং ফুলজ গাছের চারা রোপণ করা হয়েছে।
আয়োজকরা আরও জানান, কেবল গাছ রোপণ করলেই উদ্দেশ্য সফল হবে না; রোপণ করা প্রতিটি চারা গাছকে বাঁচিয়ে রাখা এবং সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার দায়িত্ব সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পালন করতে হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com