লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক বৃক্ষের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ মাস আগে

নাজমুল হোসেন : পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লক্ষ্মীপুরে পাঁচ শতাধিক বৃক্ষের চারা বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর শহর শাখা।

রবিবার (১৪ জুন) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর জামায়াতে ইসলামীর আমির ও পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান। তিনি বলেন, “বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ এলাকায় নিয়মিত গাছ লাগাতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু বলেন, “আমরা কেবল চারা বিতরণেই সীমাবদ্ধ থাকছি না, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সংস্কৃতি ও পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। সবুজ বাংলাদেশ গড়তে এমন সামাজিক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের দফতর সম্পাদক জুনায়েদ হোসেন খান, অর্থ সম্পাদক রাজিব হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

গাছের চারা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। আদর্শ সামাদ উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা হাতে পাওয়া চারাগুলো নিজ নিজ বাড়িতে রোপণ করবে এবং নিয়মিত পরিচর্যা করবে। তারা বিশ্বাস করে, এভাবে ছোট ছোট উদ্যোগের মাধ্যমেই পরিবেশের সুরক্ষা সম্ভব।