
শেখ হাসিনাকে দেশে ফেরানোর অঙ্গীকার, জেলাজুড়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার অঙ্গীকার করে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মীর শপথ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ভিডিওটি ফেসবুকে প্রকাশ করা হয়। এটি স্থানীয় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারীর আইডি থেকে শেয়ার করা হয়েছে বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়ে শপথবাক্য পাঠ করছেন। এ সময় তাঁরা শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। পাশাপাশি ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
স্থানীয়দের দাবি, কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট-সংলগ্ন মেঘনা নদীর তীরে গোপনে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন যুবলীগ নেতা জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী।
ভিডিওটি প্রকাশের পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের জেলা বা কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com