
পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৪ মার্চ) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অভিযোগে এসব জরিমানা করা হয়।
অভিযানে ‘শ্রমিক হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ১ লাখ ১০ হাজার টাকা, ‘রাজমহল হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’কে বিএসটিআই আইন, ২০১৮-এর আওতায় ৬০ হাজার টাকা এবং ‘শাহীন হোটেল অ্যান্ড রেস্তোরাঁ’কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে দণ্ডিত করা হয়।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সোহানা খন্দকার ও সাইদুজ্জামান খান। এ সময় বাংলাদেশ পুলিশ, র্যাব, ব্যাটালিয়ন আনসার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে ফল ব্যবসায়ীদের নিত্যপণ্যের দাম সহনীয় রাখার বিষয়ে সতর্ক করা হয়। রমজানজুড়ে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
জেলা প্রশাসন জানায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com