

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার ও অভিযান পরিচালনাকারী টিমের ওপর হামলা চালানোর অভিযোগে দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রায়পুর উপজেলার চরকাচিয়া এলাকার সেকান্তর হাওলাদারের ছেলে তৈয়ব আলী এবং মহরম আলী হাওলাদারের ছেলে শিপন।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী জানান, বুধবার রাতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে অংশ নেওয়া টিমের ওপর কিছু জেলে হামলা চালান। পরে অভিযান চালিয়ে নৌকাসহ দুই জনকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নিষিদ্ধ মৌসুমে ইলিশ আহরণ এবং সরকারি টিমের ওপর হামলা—দুই অপরাধের জন্যই আটক জেলেদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক নৌকাটি পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।’
তিনি আরও জানান, প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com