

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সমর্থনে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল নয়টার দিকে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দালালবাজার, বাসাবাড়ি, হায়দারগঞ্জ, মিতালী বাজার, রায়পুর বাজার, কলেজ রোড, পানপাড়া, মীরগঞ্জ ও পালের হাট ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপ ভ্যান অংশ নেয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ হাত নেড়ে ও স্লোগান দিয়ে অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানান।
সমাপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার রুহুল আমিন ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে সরকারি বরাদ্দের অর্থ জনগণের কল্যাণে ব্যবহার করবেন। উন্নয়ন কর্মকাণ্ডে কমিশন বাণিজ্য বন্ধ করে লক্ষ্মীপুর ও রায়পুরের উন্নয়ন বৈষম্য দূর করবেন।
তিনি আরও বলেন, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, লক্ষ্মীপুরে রেল সংযোগ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ স্থানীয় তরুণদের কর্মসংস্থান তৈরিতে কাজ করবেন।
রুহুল আমিন ভূঁইয়া দাবি করেন, তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনও দুর্নীতিতে জড়াননি এবং ভবিষ্যতেও দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। আসন্ন নির্বাচনে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী পরিচালক অ্যাডভোকেট আব্দুল আউয়াল রাসেল, জেলা কর্মপরিষদ সদস্য সর্দার সৈয়দ আহমেদ, মমিন উদ্দীন পাটোয়ারী, মাস্টার মমিনুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রায়পুর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাজমুল হুদা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহমান, রায়পুর পৌর জামায়াতের আমির মাওলানা ফজলুল করিমসহ স্থানীয় নেতা-কর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com