

চৌরাস্তা বাজারে ৩ শতাধিক মানুষ জানলেন নিজেদের রক্তের গ্রুপ
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চৌরাস্তা বাজারে মানবিক উদ্যোগে আয়োজিত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে অংশ নিয়ে তিন শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরেছেন। এই উদ্যোগের আয়োজন করে মানব সেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুর, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চৌরাস্তা বাজারের স্কুল মার্কেট প্রাঙ্গণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।
উপকারভোগীরা জানিয়েছেন, আগে অনেকেরই রক্তের গ্রুপ জানা ছিল না। এই উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন, যা ভবিষ্যতে জরুরি চিকিৎসা ও রক্তদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শেষে সংগঠনের স্বেচ্ছাসেবীরা চৌরাস্তা বাজারের গুরুত্বপূর্ণ ও ময়লা আবর্জনাপূর্ণ স্থানগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে চৌরাস্তা বাজার মোড়ে যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মসূচি পালন করা হয়। এ সময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের সতর্ক করে নিরাপদ চলাচলের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয় সুধীজনরা বলেন, “চৌরাস্তা বাজার প্রতিদিনই যানজটপূর্ণ থাকে। একজন ট্রাফিক সদস্য একা পুরো বাজার নিয়ন্ত্রণ করতে অনেক সময় হিমশিম খান। এমন বাস্তবতায় স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং জনস্বার্থে কার্যকর।”
ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভবানীগঞ্জ কারামতিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবিএম সালাহ উদ্দিন আজাদ, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।
সংগঠনের পরিচালক মো. জাকির হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেমসহ মানব সেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুরের স্বেচ্ছাসেবকরা।
সংগঠন কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে মানব সেবা ফাউন্ডেশন লক্ষ্মীপুর অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। আগামীতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com