
মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণার দাবি
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। রোববার সকালে শহরের প্রধান সড়কে ‘প্রত্যয়’ এবং ‘আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে শিক্ষার্থী, সামাজিক সংগঠনের সদস্য এবং স্থানীয় সচেতন নাগরিকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মানববন্ধনে প্রধান সমন্বয়ক হিসেবে বক্তব্য দেন আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশের সাধারণ সম্পাদক প্রত্যয় মনির। কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রত্যয় সংগঠনের পরিচালক মোহাম্মদ ইউসুফ।
বক্তারা বলেন, মাদক আজ সমাজের সর্বস্তরে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিশেষ করে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্ম মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকাশ্যে ধূমপান, স্কুল-কলেজের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি এবং মাদকের সহজলভ্যতা তরুণদের ধীরে ধীরে ভয়ংকর নেশার দিকে ঠেলে দিচ্ছে বলে বক্তারা অভিযোগ করেন।
তাঁরা বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। আসন্ন নির্বাচিত সরকারের প্রতি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা এবং তা বাস্তবায়নের জোর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন আদর্শ মানব কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক নিরব মাহমুদ শরীফ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এবং পিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রিফাত।
মানববন্ধনে লক্ষ্মীপুর কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এবং অক্সফোর্ড মডেল কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। পাশাপাশি আদর্শ মানব কল্যাণ সংগঠন বাংলাদেশ ও প্রত্যয় সংগঠনের সদস্যসহ স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকেরা জানান, সমাজ থেকে মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত তাদের এই সামাজিক আন্দোলন ও প্রতিরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com