
লক্ষ্মীপুরে মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে বাদল হোসেন (৪০) নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার অভিযানে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বাড়ি এবং মাদক সেবনের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়।
লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদকসেবী ও কথিত মাদক ব্যবসায়ী পালিয়ে যান। এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাদল হোসেনকে আটক করে পুলিশ।
অভিযানকালে বিভিন্ন স্থানে মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ সময় কোনো মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, শুধু সদর নয়, জেলার অন্য পাঁচটি থানার এলাকাতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।
অভিযানের শুরুতে স্থানীয় বাসিন্দাদের মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওসি ওয়াহিদ পারভেজ। তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে জনসচেতনতামূলক বক্তব্য দেন। মাদক নির্মূলে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
ওসি ওয়াহিদ পারভেজ বাসসকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছি। এসব অভিযানে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিস্তার ঠেকাতে অভিযান পরিচালনার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com