
নাজমুল হোসেন : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৮ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার দালাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অধিক দামে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং বৈধ লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে কৃষি বিপণন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।
লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়া জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, বাজারে মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ন্যায্যমূল্যে বিক্রির বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
অভিযান চলাকালে কাঁচাবাজার ও মাছ বাজারের ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখার নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পুলিশ, আনসার সদস্য ও কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com