লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার স্মরণে পিএনপির শোকসভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৬ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার ১৬ নম্বর শাকচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে বায়তুন্নুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) লক্ষ্মীপুর জেলা সদর থানা শাখার উদ্যোগে আয়োজিত এ শোকসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ আরিফ।

বক্তব্যে এম এ আরিফ বলেন, সার্বভৌমত্ব ও জনগণের অধিকারের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। 

তিনি বলেন, “স্বামী, সন্তান ও ব্যক্তিগত সুখ হারিয়েও তিনি দেশের কোটি মানুষের জন্য রাজনীতি করেছেন। তাঁর শূন্যতা অপূরণীয়।”

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার অসমাপ্ত লক্ষ্য বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব বলে মন্তব্য করেন তিনি। এ সময় পিএনপির চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটনের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর–২ ও লক্ষ্মীপুর–৩ আসনে প্রার্থী চূড়ান্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শোকসভায় সদর থানা পিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পিএনপির আহ্বায়ক আহসান উল্লাহ তুহিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হোসেন, সদস্য আলামিন হৃদয় হোসেন, শামসুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।