

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে পাঁচটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়েছে।
রোববার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
পুলিশ জানায়, রোববার সকালে চন্দ্রগঞ্জের সীমান্ত এলাকা এবং নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের মনু মিঝির বাড়ির পাশের সফি উল্যার কবরস্থানের কাছে একটি ঝোপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জের নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুত করা হয়েছে বলে দাবি পুলিশের। ওয়ার্কশপটির মালিক চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের নুর উদ্দিন—তিনি বর্তমানে পলাতক।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী জানান, নুর উদ্দিন ওয়ার্কশপের আড়ালে দীর্ঘদিন ধরে অস্ত্র তৈরি করছিলেন। গত ১ ডিসেম্বর তাঁর ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম জব্দ করা হয়। তবে অভিযানের সময় নুর উদ্দিন পালিয়ে যান। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জের আলাইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরীক্ষা করে দেখা গেছে, সেগুলো নুর উদ্দিনের ওয়ার্কশপেই তৈরি। তাঁর সহযোগীরা কারা—তা শনাক্তে পুলিশ কাজ করছে। নুর উদ্দিনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com