
নাজমুল হোসেন :
লক্ষ্মীপুরে পুলিশের অভিযানে ৫৬৭ পিস ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের পুরান বাড়ি এলাকার পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. জাফর আহম্মেদ তুহিন (৩৮)। তিনি ওই এলাকার মৃত কবির আহম্মদের ছেলে। তুহিনের সঙ্গে থাকা আরও দুই সহযোগী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় তুহিনের কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পলাতক দুইজনসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী বলেন,
“জেলায় মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
