
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় মাটিবোঝাই পিকআপ ভ্যানের চাপায় ফাহিম হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিম হোসেন একই এলাকার দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে। সে পেশায় মাটি কাটার শ্রমিক ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাহিম হোসেন ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন দিক থেকে একটি মাটিবোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর উপস্থিত লোকজন পিকআপ ভ্যানটিকে ধাওয়া দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। তবে তাকে আটক করা সম্ভব হয়নি।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
