লক্ষ্মীপুরে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির চারটি আসনে জয়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ সপ্তাহ আগে

বিজয়ী প্রার্থীরা জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, এলাকার উন্নয়নে কাজের অঙ্গীকার

নাজমুল হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে বৃহস্পতিবার রাতে স্ব স্ব আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এসএম মেহেদী হাসান।

বিজয়ী প্রার্থীরা নির্বাচনি ফলাফলের প্রতিক্রিয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজয়ী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “এই বিজয় আমার একার নয়, এই এলাকার জনগণের বিজয়। তাই এ বিজয় জনগণের প্রতি উৎসর্গ করছি।”

তিনি আরও জানান, তিনি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি রাখছেন।

লক্ষ্মীপুর-২ আসনের বিএনপির আবুল খায়ের ভুঁইয়া বলেন, “এলাকার কল্যাণে সব উন্নয়নে জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই।”

নির্বাচনি ফলাফল অনুযায়ী, লক্ষ্মীপুরের চারটি আসনের বিজয়ী ও ভোটের হিসাব নিম্নরূপ—

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ): বিএনপির শাহাদাত হোসেন সেলিম– ৮৬,৮১১ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির মাহবুব আলম ৫৯,২৬৫ ভোট। ভোটের ব্যবধান: ২৭,৫৪৬।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক): বিএনপির আবুল খায়ের ভূঁইয়া– ১,৪৬,৩২১ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এসইউএম রুহুল আমিন ভুঁইয়া ১,৩৩,৬৯৮ ভোট। ভোটের ব্যবধান: ১২,৬২৩।

লক্ষ্মীপুর-৩ (সদর): বিএনপির শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি– ১,৩৫,৬১২ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের রেজাউল করিম ১,২২,৮০২ ভোট। ভোটের ব্যবধান: ১২,৮১০।

লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর): বিএনপির আশরাফ উদ্দিন মিজান– ১,১৫,১৯৯ ভোট; নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের এ আর হাফিজ উল্লাহ ৭৩,৭৫৬ ভোট। ভোটের ব্যবধান: ৪১,৪৪৩।

জেলা ব্যাপী গণভোটে মোট ৬,১৫,৯৭৮ ভোট “হ্যাঁ”-এর পক্ষে পড়েছে। “না”-এর পক্ষে ভোট পড়েছে ২,৫০,৭৪৯।

বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন পরাজিত প্রার্থীরাও। সুষ্ঠু ও অবাধ ভোট হওয়ায় বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরের প্রতি সম্মান দেখিয়েছেন। ভোটাররা আশা করছেন, জেলার উন্নয়নে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা একসাথে কাজ করবেন।