
নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী বার্ষিক সুন্নি এস্তেমা শেষ হয়েছে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সাইফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে হাজারো মুসল্লির অংশগ্রহণে পুরো এলাকা ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে।
এস্তেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদিনিশীন পীর মাওলানা শাহ মোহাম্মদ আতায়ে রাব্বী সিদ্দিকী। মোনাজাত চলাকালে ‘আমিন আমিন’ ধ্বনিতে চারপাশ প্রতিধ্বনিত হয়। এ সময় মুসলিম উম্মাহর ঐক্য, দেশ ও জাতির শান্তি, মানবতার কল্যাণ এবং ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
আখেরি মোনাজাতে লক্ষ্মীপুর ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো মুসল্লি অংশ নেন। ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতের মাধ্যমে নিজেদের গুনাহ মাফ, রোগমুক্তি ও পারিবারিক শান্তি কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই বার্ষিক সুন্নি এস্তেমার কার্যক্রম শুরু হয়। এ সময় দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরাম কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক শিক্ষা, সুন্নাহ অনুসরণ, নৈতিকতা ও সমাজ সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন।
এস্তেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে এস্তেমার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে।
প্রতিবছরের মতো এবারও এই ধর্মীয় আয়োজনকে ঘিরে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com