
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আজ শনিবার (২৫ অক্টোবর) শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫। বিকেল ২টা ৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার আক্তার হোসেন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ওয়াহিদ চৌধুরী হ্যাপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সম্রাট খীসা।
জেলা প্রশাসনের আয়োজনে এবারের টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলার বাছাইকৃত দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্মীপুর সদর উপজেলা একাদশ ও রামগঞ্জ উপজেলা একাদশ।
ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করার প্রত্যাশা করছে আয়োজক কর্তৃপক্ষ। দর্শকদের বিকেল ২টা ৩০ মিনিটে জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগের আমন্ত্রণ জানানো হয়েছে।
