
নাজমুল হোসেন : জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলায় সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুর সরকারি কলেজ।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে টানা তিন দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিজ্ঞান অলিম্পিয়াডে (সিনিয়র গ্রুপ) অংশ নিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা একাধিক পুরস্কার অর্জন করেন।
অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করেন দ্বাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমাতুজ জোহরা। দ্বিতীয় স্থান অর্জন করেন তাহিয়া তাবাসসুম ফাইজা এবং তৃতীয় স্থান অর্জন করেন লামিয়া সালসাবিল।
এছাড়া বিজ্ঞান মেলার প্রকল্প প্রদর্শনীতে লক্ষ্মীপুর সরকারি কলেজ তৃতীয় স্থান অর্জন করে।
এ সাফল্যের পর কলেজ পরিবার বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
