

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা প্রতিরোধে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রশাসনের উদ্যোগে অবৈধভাবে দখলকৃত খাল ও পানি চলাচলের পথ থেকে বাঁধ অপসারণ কার্যক্রম শুরু হয়েছে।
এরই অংশ হিসেবে আজ বুধবার সকালে সদর উপজেলার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামশেদ আলম রানা।
অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানা পুলিশ ও উপজেলা মৎস্য অফিস।
অভিযান চলাকালে দেখা যায়, সাহাপুর এলাকায় পানি চলাচলের খালের পথ জাল দিয়ে বন্ধ করে মাছ শিকারের ব্যবস্থা করা হয়েছে, যা পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছিল। এ অবস্থায় প্রশাসনের নির্দেশে অবৈধ জাল অপসারণ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, "অবৈধভাবে খাল বা নদীর পথ বন্ধ করে মাছ ধরার মতো কার্যক্রম পরিবেশের জন্য ক্ষতিকর। এতে পানি চলাচলে বাধা সৃষ্টি হয় এবং বর্ষায় জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যায়।"
উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা জানান, “বর্ষা আসছে। আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেজন্য অবৈধভাবে খাল দখল ও বাধা অপসারণে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।”
তিনি আরও জানান, এই উদ্যোগে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে এবং সচেতনতামূলক কার্যক্রমও গ্রহণ করা হবে যাতে ভবিষ্যতে কেউ খালের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত না করে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে মনে করছেন, এমন কার্যক্রম নিয়মিত হলে জলাবদ্ধতার সমস্যা অনেকটাই কমে আসবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com