

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন থেকে পোদ্দার বাজার পর্যন্ত সড়কের অবস্থা বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং উঠে গিয়েছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কোথাও কোথাও গর্তে জমেছে বৃষ্টির পানি, তৈরি হয়েছে ছোট ছোট ডোবা। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও যাত্রীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো সড়কজুড়ে খানাখন্দ আর কাদা-পানির আধিক্য। যানবাহনগুলো হেলে দুলে, কখনোবা থেমে থেমে চলতে বাধ্য হচ্ছে। অনেকে আবার বিকল্প রাস্তায় ঘুরে চলাচল করছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
এ সড়ক দিয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের পাশাপাশি পার্শ্ববর্তী নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দারাও চলাচল করেন। ১০ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এটি এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা আবুল কাসেম বলেন, 'প্রতিদিন এই রাস্তা দিয়ে বাজারে যাই, স্কুলে যাই। কিন্তু রিকশা বা মোটরসাইকেল নিয়ে যেতেই ভয় লাগে। ছোটখাটো দুর্ঘটনা তো লেগেই আছে।'
একই অভিযোগ করেন চালক হানিফ। তিনি বলেন, 'সড়কের এমন অবস্থা যে গর্ত এড়াতে গিয়ে অনেক সময় এক্সিডেন্ট হয়ে যায়। কয়েকদিন আগে এক বৃদ্ধ মানুষ পড়ে গিয়ে আহত হয়েছেন।'
এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, 'সড়কটির সংস্কারের প্রস্তাবনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বাজেট এলেই কাজ শুরু হবে।'
তবে এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এমন আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে সড়কের কোনও উন্নতি হয়নি।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com