
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা ও অস্থিরতা বেড়েছে। এতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলেও অভিযোগ করেন তাঁরা। ছাত্রদলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তাঁরা বলেন, এসব ঘটনায় শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
সমাবেশে বক্তারা এসব ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথাও তুলে ধরেন বক্তারা। তাঁদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চাপে রয়েছে এবং অনেক পণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর শহর শাখার সভাপতি আব্দুল আউয়াল হামদু, সেক্রেটারি ইসমাইল হোসেন ফয়সাল ও দপ্তর সম্পাদক জুনায়েদ হোসেন খাঁনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে কৌতূহল দেখা যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com