
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরে একটি মৎস্য খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হওয়ার পাঁচ দিন পর আব্বাস উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গত বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জিতু এগ্রো মৎস্য খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে আব্বাস উদ্দিন গুরুতর দগ্ধ হন। পরদিন তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
নিহত আব্বাস উদ্দিন চররমনী মোহন এলাকার মৃত হোসেনের ছেলে। তিনি জিতু এগ্রো মৎস্য খামারের মালিক ছিলেন। তাঁর বড় ছেলে এলাহি প্রিন্স দাবি করেছেন, আব্বাস উদ্দিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
এলাহি প্রিন্স বলেন, তাঁর বাবা-মা খামারেই বসবাস করতেন। তাঁর মা সুলতানা রাজিয়া লাকি লক্ষ্মীপুর পৌর ৬ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি। ভোটের আগে রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে খামারের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে দ্রুত আগুন ছড়িয়ে পুরো ঘর পুড়ে যায়।
তিনি জানান, পরিবারের অন্য সদস্যরা দ্রুত বের হয়ে যেতে পারলেও তাঁর বাবা বের হতে পারেননি। এতে তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে ঢাকায় নেওয়া হয়। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
কান্নাজড়িত কণ্ঠে এলাহি প্রিন্স বলেন, “আমার বাবা মারা যাননি, শহীদ হয়েছেন। তিনি জামায়াত করতেন—এটাই তাঁর অপরাধ ছিল। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান বলেন, ঘটনাটি ভোটের আগের দিন ঘটেছে। তাঁর দাবি, কয়েক মাস ধরে এলাহি প্রিন্স পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে সক্রিয়ভাবে কাজ করছিলেন। প্রিন্সের বাবাও একইভাবে নির্বাচনী কাজে যুক্ত ছিলেন বলে তিনি জানান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত আছেন। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও এতে কোনো নাশকতার সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com