

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের হলরুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামসেদ আলম রানা।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১ হাজার ৯০০ কৃষকের মধ্যে বোরো মৌসুমের জন্য উফশী ও হাইব্রিড জাতের বীজ এবং রাসায়নিক সার দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, সরকারের এ সহায়তা বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও জামসেদ আলম রানা বলেন, “কৃষির উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে কৃষকদের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রণোদনার এ কর্মসূচি কৃষির অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল হাসানসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।
সার ও বীজ পেয়ে কৃষকেরা সন্তোষ প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, উৎপাদন ব্যয় বাড়লেও সরকারের প্রণোদনা সময়মতো পাওয়ায় আগামী বোরো মৌসুমের চাষাবাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com