
নাজমুল হোসেন : লক্ষ্মীপুরের দিঘলী এলাকায় কিশোর রিফাত হোসেনকে (অপ্রাপ্তবয়স্ক) আহত করার ঘটনায় জামায়াতের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তরা মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা দাবি করেছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রিফাত হোসেনের ফুফাতো ভাই ও স্বেচ্ছাসেবক দলের ৪ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি মো. রবিউল ইসলাম চন্দ্রগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলায় জামায়াত নেতা ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, জাকির হোসেন ও আনোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, রাজনৈতিক বিরোধের জেরে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে রিফাতকে আহত করা হয়। এতে তার দুই হাত রক্তাক্তসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে অভিযুক্ত ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, জাকির হোসেন ও আনোয়ার হোসেনসহ স্থানীয় জামায়াত নেতারা অভিযোগ করেন, তাদের রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলায় জড়ানো হয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, “নির্বাচনের পর আমাদের বিরুদ্ধে প্রতিহিংসার কারণে মামলা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। মামলা প্রত্যাহার না হলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
স্থানীয় ব্যক্তি মাহবুবুর রহমান জানান, মামলায় আসামি করা ব্যক্তিরা শিক্ষক, ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত। তাদের বয়স ৩৫ থেকে ৪০ বছরের বেশি। আহত রিফাত অপ্রাপ্তবয়স্ক এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, “মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।”
চন্দ্রগঞ্জ থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।
