

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও দায়িত্বে অবহেলার অভিযোগে আন্দোলনকারী সাত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফাতেমা ফেরদৌসী স্বাক্ষরিত পৃথক চিঠি ওই শিক্ষকদের হাতে পৌঁছে দেওয়া হয়।
সহকারী শিক্ষকরা ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে সারা দেশের মতো লক্ষ্মীপুরেও আন্দোলন করছেন। শোকজপ্রাপ্ত সাত শিক্ষকও আন্দোলনে সম্পৃক্ত।
শিক্ষকরা হলেন—নাগমুদ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার, প্রিয়াংকা রাণী ভৌমিক, ফেরদৌসি বেগম, জয়পুরা এসআরএমএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুকবুল হোসেন, সহকারী শিক্ষক নুরুন নাহার, মেহেদী হাসান ফরিদ ও মর্জিনা আক্তার।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সহকারী শিক্ষক আবুল বাশার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া প্রেস ব্রিফিং করেছেন—যা সরকারি কর্মচারী আচরণবিধি পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
৩ ডিসেম্বর জেলা প্রশাসক বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত না থাকায় মুকবুল হোসেন, নুরুন নাহার, মেহেদী হাসান ফরিদ ও মর্জিনা আক্তারকে শোকজ করা হয়। এ ছাড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে প্রিয়াংকা রাণী ভৌমিক ও ফেরদৌসি বেগমকেও নোটিশ দেওয়া হয়েছে। এসব শিক্ষক ৩য় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বর্জন করেন, যা কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা ফেরদৌসী বলেন, “শিক্ষকরা দায়িত্ব পালনে চরম অবহেলা করছেন। সরকারি আদেশ অমান্যের কারণ ব্যাখ্যা করে কেন তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না—এ বিষয়ে তিন কর্মদিবসের মধ্যে গ্রহণযোগ্য জবাব দিতে বলা হয়েছে।”
প্রসঙ্গত, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় সাড়ে তিন লাখ সহকারী শিক্ষক ১১তম গ্রেডসহ তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করছেন। ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি ১ ডিসেম্বর থেকে পূর্ণ কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ আকারে চলছে। বিষয়টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেছে শিক্ষক সংগঠনগুলো।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com