লক্ষ্মীপুরে আন্তঃকলেজ ফুটবলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন কাজী ফারুকী কলেজ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে অনুষ্ঠিত আন্তঃকলেজ ফুটবল প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো জেলা চ্যাম্পিয়ন হয়েছে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দত্তপাড়া ডিগ্রি কলেজকে হারিয়ে শিরোপা ধরে রাখে দলটি।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল কাজী ফারুকী কলেজ। দত্তপাড়া ডিগ্রি কলেজ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইফতেখার হাসান ফাহাদ।

ম্যাচ শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ. হ. ম. মোশতাকুর রহমান, লক্ষ্মীপুর ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি মহসিন কবির স্বপন, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের প্রিন্সিপাল নুরুল আমিন, প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আমিন বুলবুল এবং ক্রীড়া শিক্ষক মো. ইলিয়াস হোসেনসহ অন্যরা।