

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার মধ্য রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলাউদ্দিন ওরফে আলাউদ্দিন বরকত (৩৫) ও পারভেজ হোসেন (২২)। আলাউদ্দিন বরকত বশিকপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৭ থেকে ১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ হোসেন লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর ক্যাম্পের লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে রাতের অভিযানে বিরাহীমপুর গ্রামে আলাউদ্দিন বরকতের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, চারটি দেশীয় এলজি, দেশীয় অস্ত্রের কার্টিস ১০ ও বিদেশি অস্ত্রের ৬ রাউন্ড গুলি এবং দুইটি স্মার্ট মোবাইল ফোন ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।
অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যান। তাঁরা হলেন জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও ছোট ইউসুফ। তাঁদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com