

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির অভিযোগে নুর উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাতে রাঙামাটির চন্দ্রঘোনা থানার গহিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।
ডিবি পুলিশ জানায়, নুর উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় ‘নোহা অটো ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর মালিক। তাঁর বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ১ ডিসেম্বর চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামে ওই ওয়ার্কশপে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে তখন নুর উদ্দিন পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়।
এর সাত দিন পর, গত ৭ ডিসেম্বর চন্দ্রগঞ্জ থানা–সংলগ্ন এলাকায় নোয়াখালীর আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে ঝোপের ভেতর থেকে পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করে ডিবি ও থানা–পুলিশ। এসব অস্ত্রও নুর উদ্দিনের ওয়ার্কশপে তৈরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রায়হান মোহাম্মদ কাজেমী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com