লক্ষ্মীপুরে অনুমোদন ছাড়াই ভেজাল পানীয় উৎপাদন, এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ দিন আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ছাড়াই একাধিক নামে ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনের দায়ে ‘আশরাফ ফুড’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল পণ্য।

বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকা।

তিনি জানান, প্রতিষ্ঠানটি ‘ম্যাংগো ড্রিংক পাউডার’ উৎপাদন করে বিভিন্ন নামে বাজারজাত করছিল। তবে তাদের কোনো বৈধ ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন পাওয়া যায়নি।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি একই পণ্য একাধিক নামীয় লোগো ব্যবহার করে বাজারে সরবরাহ করছিল, যা ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৯ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা ভেজাল পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফিল্ড অফিসার সুমধু চক্রবর্তী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির মালিক শাহিন। তবে অভিযানের সময় তিনি উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সিদ্দিকা বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনবিহীন ও ভেজাল খাদ্য উৎপাদনের বিরুদ্ধে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।”

জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।