
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যচরউভূতি এলাকায় চলাচলের অনুপযোগী সড়ক পাকাকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার সকালে 'মধ্যচরউভূতি এলাকাবাসী'র ব্যানারে স্থানীয় হোসেন মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, চরউভূতি হোসেন মার্কেটের মোসলেহ উদ্দিন নিজাম সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি উপজেলার শেষ প্রান্তে হওয়ায় দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত। বিশেষ করে বর্ষাকালে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসীর ভাষ্যমতে, সড়কটির পাশেই দুটি নুরানী মাদ্রাসা, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি বেসরকারি বিদ্যালয়সহ মোট সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সড়কটি সংস্কার না হওয়ায় নিয়মিত যাতায়াতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের পোহাতে হয় ভোগান্তি।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রফিক দেওয়ান, মোতালেব মুন্সি, আব্দুল হান্নান দেওয়ান, জাবেদ মুন্সি, কারি আবুল বাসার ও মাস্টার সবুজ প্রমুখ।
দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে বক্তারা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা সড়ক উন্নয়নে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com