
কমলনগর (লক্ষ্মীপুর) | নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বিভিন্ন হাটবাজারে ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি নীতিমালা ও নির্ধারিত টোল তালিকার তোয়াক্কা না করে চলছে প্রকাশ্য চাঁদাবাজি। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। প্রশাসন নিয়মিত তদারকি না করায় ইজারাদারদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ১৯টি হাটবাজার ইজারা দিয়ে সরকার মোট ২ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৪৮ টাকা রাজস্ব পেয়েছে। অভিযোগ রয়েছে, ইজারাদারেরা চড়া মূল্যে হাট ইজারা নেওয়ার পর সেই টাকা উসুল করতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে ফেলেছেন।
সরকারের নিয়ম অনুযায়ী, প্রতিটি হাটে অনুমোদিত টোল বা খাজনার তালিকা সবার নজরে পড়ে এমন স্থানে টানিয়ে রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সরেজমিনে দেখা গেছে, উপজেলার কোনো বাজারেই এই নিয়ম মানা হচ্ছে না। অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত হারের চেয়ে ১০ থেকে ২০ গুণ বেশি খাজনা জোরপূর্বক আদায় করা হচ্ছে।
হাজিরহাট এলাকার ফজুমিয়ার হাটের ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, ‘আগে প্রতি হাটে ৩০ টাকা খাজনা দিতাম। এখন ইজারাদারের লোকজন জোর করে ১৪০ টাকা আদায় করছে। প্রতিবাদ করলেই বাজারে বসতে না দেওয়ার হুমকি দেওয়া হয়।’
তবে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন ফজুমিয়ার হাটের ইজারাদার মো. হেলাল উদ্দিন। তিনি দাবি করেন, ‘দোকানের স্কয়ার ফিট হিসেবে টাকা নেওয়ার সরকারি নিয়ম রয়েছে। সেই হিসাব করলে আরও বেশি টাকা হওয়ার কথা, আমরা তার চেয়ে কমই নিচ্ছি।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বাজারগুলোতে অতিরিক্ত খাজনা বা টোল আদায়ের সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তবে প্রশাসনের এমন অবস্থানের সাথে দ্বিমত পোষণ করছেন ভুক্তভোগীরা। ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের দাবি, প্রশাসন যেন কেবল লিখিত অভিযোগের অপেক্ষায় না থেকে নিয়মিত হাটগুলোতে নজরদারি বাড়ায় এবং আকস্মিক অভিযান পরিচালনা করে। বাজারে স্বাভাবিক ও শান্তিপূর্ণ ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনতে অবৈধ অতিরিক্ত খাজনা আদায়কারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com