
নাজমুল হোসেন : নদীবেষ্টিত উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্যকে উপজীব্য করে ধারণ করা হয়েছে দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।
আগামী ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচারিত হবে।
নব্বইয়ের দশক থেকেই স্টুডিওর চার দেয়াল পেরিয়ে দেশের নানা প্রান্তে গিয়ে ঐতিহ্যবাহী স্থানে ধারণ করা হচ্ছে হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এই অনুষ্ঠান। ধারাবাহিকতার অংশ হিসেবে এবার লক্ষ্মীপুর সদর উপজেলার শতবর্ষী দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবাহী নবীন কিশোর উচ্চবিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে নির্মিত হয় নান্দনিক মঞ্চ।
অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে লক্ষ্মীপুরজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় শত শত দর্শক আশপাশের বহুতল ভবন, প্রাচীর, রাস্তা ও গাছের ডালে অবস্থান নেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভ্যাপসা গরম উপেক্ষা করে দর্শকদের এমন বাঁধভাঙা উপস্থিতি এক অভাবনীয় দৃশ্যের জন্ম দেয়।
এবারের পর্বে লক্ষ্মীপুরকে নিয়ে থাকছে পরিচিতিমূলক গান ও বিশেষ দুটি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, সাজিয়া সুলতানা পুতুল ও রাজিব। এছাড়া লক্ষ্মীপুরের কৃতী সন্তান ও দেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের একটি বিশেষ সাক্ষাৎকার থাকছে, যেখানে তিনি এভারেস্ট অভিযানের স্মৃতি ও ‘ইত্যাদি’ নিয়ে নিজের অনুভূতির কথা শেয়ার করেছেন।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরের সয়াবিন চাষ, নারিকেল-সুপারি বাগান, ঐতিহাসিক স্থাপনা এবং নদীভাঙনে নিঃস্ব এক মাঝির জীবন সংগ্রামের ওপর বেশ কয়েকটি তথ্যবহুল ও মানবিক প্রতিবেদন প্রচার করা হবে। পাশাপাশি সমসাময়িক নানা বিষয় ও সামাজিক অসংগতি নিয়ে রয়েছে একাধিক তীক্ষ্ণ নাট্যাংশ। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com