
নিজস্ব প্রতিবেদক : দেশের ইতিহাস, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরার ধারাবাহিকতায় এবার উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে ধারণ করা হয়েছে দেশের সর্বাধিক জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব। নদীবেষ্টিত এই জেলার দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও নানা অজানা দিক তুলে ধরা হয়েছে এবারের চমৎকার আয়োজনে।
আজ শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) পর্বটি প্রচারিত হবে।
লক্ষ্মীপুর জেলা সদরের শতবর্ষী নবীন কিশোর উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে তৈরি করা হয়েছিল এবারের ‘ইত্যাদি’র নান্দনিক মঞ্চ। দালাল বাজার জমিদারবাড়ির স্মৃতিবিজড়িত ঐতিহাসিক এই চত্বরে অনুষ্ঠান ধারণকে কেন্দ্র করে পুরো লক্ষ্মীপুরজুড়ে তৈরি হয়েছিল অন্যরকম উৎসবের আমেজ। ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি দর্শকের উপচে পড়া উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। প্রিয় এই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিলেন স্থানীয় দর্শক ও এলাকাবাসী।
এবারের লক্ষ্মীপুর পর্বে থাকছে এই জেলারই কৃতি সন্তান দুই কণ্ঠশিল্পী তানজিনা রুমা ও সাজিয়া সুলতানা পুতুলের কণ্ঠে একটি বিশেষ গান। পাশাপাশি লক্ষ্মীপুরের পরিচিতিমূলক মনোমুগ্ধকর নৃত্যগীত এবং জনপ্রিয় অভিনয়শিল্পী দিলারা জামানের অংশগ্রহণে একটি বিশেষ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদারের অনুপ্রেরণামূলক বিশেষ সাক্ষাৎকার। তাঁর বর্ণাঢ্য জীবন, সংগ্রাম ও দুর্গম এভারেস্ট জয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
শুধু গান আর বিনোদনই নয়, লক্ষ্মীপুরের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের নানা দিকও তুলে ধরা হবে এবারের আয়োজনে। নদীভাঙনে সর্বস্বান্ত হওয়া এক জেলের বাস্তব জীবনসংগ্রাম নিয়ে থাকছে একটি হৃদয়গ্রাহী বিশেষ প্রতিবেদন। এছাড়া নিয়মিত আয়োজনের অংশ হিসেবে থাকছে যথারীতি বিদেশি পর্ব, দর্শকপ্রিয় ‘কাশেম টিভি’ এবং সমসাময়িক বিভিন্ন চিঠিপত্র নিয়ে মজার অংশ। দেশের সমসাময়িক বিভিন্ন অসঙ্গতি ও বাস্তবচিত্র ফুটিয়ে তুলতে থাকছে ব্যঙ্গাত্মক ও উপভোগ্য নাট্যাংশ।
খ্যাতিমান নির্মাতা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’ নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। আজ রাতে বিটিভিতে সম্প্রচারিত হওয়ার পর অনুষ্ঠানটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশজুড়ে থাকা লাখো দর্শক।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com