

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগী সেজে চুরি করার অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সবাই জামালপুর ও বগুড়ার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর হাসপাতালে প্রতিনিয়ত রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা, গয়না ও মোবাইল চুরির ঘটনা ঘটছে। রোববার দুপুরে কুলসুমা বেগম নামে এক নারী ডাক্তার দেখানোর জন্য টিকিট কেটে লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয় হাজার টাকা চুরির চেষ্টা করলে এক নারীকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা।
পরে ওই নারীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে শহরের বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে আরও ছয় নারীকে আটক করে পুলিশ। তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া সাত নারীই হাসপাতালের ভেতরে রোগী সেজে চুরির সঙ্গে জড়িত। তাঁরা সাধারণত কোনো এলাকায় দুই থেকে তিন মাসের বেশি অবস্থান করেন না।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “গ্রেপ্তার হওয়া সবাই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থানে হাসপাতাল বা জনসমাগম এলাকায় রোগী সেজে চুরি করে। কয়েক দিন আগে তারা এই শহরে বাসা ভাড়া নিয়েছিল। চক্রটির অন্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে।”
পুলিশ বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় একই কৌশলে চুরি করে আসছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com