

লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুরে সুপারি বাগান থেকে আরিফ হোসেন (৪৫) নামে এক ফার্নিচার দোকানের কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাথায় ও হাতে আঘাতের চিহ্ন এবং একটি পা ভাঙা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া গেছে।
রোববার সকাল ১০টার দিকে রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনে সাহাবুদ্দিন মৌলভীর বাড়ির পাশের সুপারি বাগানে লাশটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত আরিফ হোসেন পৌরসভার গোলাম রহমান সর্দার বাড়ির মানিক মিয়ার মেজো ছেলে। তিনি রায়পুর শহরের একটি ফার্নিচারের দোকানে কর্মরত ছিলেন।
আরিফের বোন নাসরিন আক্তার বলেন, ‘আমার ভাইয়ের প্রতিবন্ধী স্ত্রী ও দুটি মেয়ে আছে। সে প্রতিদিন রাতে বাড়ি ফিরত। গতকাল রাত ১টার দিকে বের হয়ে আর ফেরেনি। কে বা কারা তাকে হত্যা করেছে, বুঝতে পারছি না। আমরা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সকালে সুপারি বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ‘নিহতের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। একটি পা-ও ভাঙা। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com