
মো. ওমর ফারুক, নিজস্ব প্রতিবেদক, রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা দিয়ে প্রবাহিত এক সময়ের খরস্রোতা ডাকাতিয়া নদী এখন দখল, দূষণ ও দীর্ঘদিনের অবহেলায় প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের অবৈধ দখল ও নির্বিচারে ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট ও বসতবাড়ি। বিভিন্ন স্থানে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা, যার ফলে নদীর পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাশাপাশি কচুরিপানার বিস্তার ও পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ায় নৌ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এক সময় এই নদীপথ ছিল ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। নদীতে মাছের প্রাচুর্য থাকায় বহু জেলে পরিবার জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে নদীর ভয়াবহ অবস্থা জেলেদের জীবন-জীবিকায় বড় ধাক্কা দিয়েছে।
রায়পুর বাজারের ব্যবসায়ী আমির হোসেন বলেন, “আগে এই নদীপথ দিয়ে বড় বড় ট্রলার ও লঞ্চ চলাচল করত। এখন পানি না থাকায় ব্যবসা-বাণিজ্যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”
একই এলাকার জেলে করিম মাঝি বলেন, “নদীতে এখন আর মাছ নেই, পানি নেই। বাধ্য হয়ে অনেকেই পেশা বদল করেছেন।”
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে এবং নদী পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহল নদীটি দখলমুক্ত করে পুনঃখনন ও দূষণমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে ঐতিহ্যবাহী এই নদী পুরোপুরি বিলীন হয়ে যেতে পারে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com