
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
সকাল ৯টায় সরকারি মার্চেন্টস একাডেমি মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ছিল নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল এবং বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতীক। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজুল হাসনাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাইনুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং সাধারণ সম্পাদক বিপি নজরুল ইসলাম লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।
নববর্ষ উপলক্ষে গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা। এর মধ্যে ছিল হাঁস ধরা, দড়ি টানাটানি ও হাঁড়ি ভাঙা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com