রায়পুরে গভীর রাতে আগুনে পুড়ল চায়ের দোকান, নিঃস্ব দোকানি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা-এ গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের সব মালামাল ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় দোকানমালিক মোস্তফা কামাল নিঃস্ব হয়ে পড়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজীর দরজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়ার আগেই পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানা গেছে, দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ৭ হাজার টাকা, একটি ফ্রিজ, টেলিভিশন, কোমল পানীয়সহ বিভিন্ন পণ্য আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত মোস্তফা কামাল বলেন, “এই ছোট দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। আগুনে সব শেষ হয়ে গেছে। এখন আমি সম্পূর্ণ নিঃস্ব। পরিবার নিয়ে কীভাবে চলব বুঝতে পারছি না।”

এ ঘটনায় এলাকায় মানবিক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, নিম্ন আয়ের এই পরিবারটির জন্য দ্রুত সহায়তা প্রয়োজন। তা না হলে তাদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে।

এদিকে স্থানীয় সমাজসেবক বেল্লাল হোসেন হাওলাদার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আওতায় আনা জরুরি।

এলাকাবাসীও সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। তাঁদের আশা, প্রয়োজনীয় সহায়তা পেলে মোস্তফা কামাল আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।