
লক্ষ্মীপুর প্রতিনিধি : সরকারের ‘দেশব্যাপী খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়নের বিপি-৮, বিপি-১৭ ও পি-২ খালে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই খান, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, চরবংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফা গাজী ও ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক কবিরাজসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল খননের ফলে পানি নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপকৃত হবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
