
নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর (রায়পুর) : দেশজুড়ে একযোগে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।
রায়পুর উপজেলায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।
পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কেন্দ্রসংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র (রায়পুর-১, কেন্দ্র কোড-৭১৯) ঘুরে দেখা যায়, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার জন্য আগেই সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষা চলাকালীন সময়ে স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
