রায়পুরে এইচএসসি ও আলিমে জিপিএ–৫ প্রাপ্ত ৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুরে ২০২৫ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া ৭৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। সংবর্ধনার আয়োজন করে রায়পুর উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তওহিদ ইসলাম, রায়পুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী, রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম নিজাম উদ্দীন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বর্তমান প্রজন্মই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দেবে। নিয়মিত অধ্যয়ন ও সততার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। আজকের এই অর্জন রায়পুর উপজেলার গৌরব।’

তিনি আরও বলেন, ‘তোমরাই হবে আগামী দিনের শিক্ষক, প্রকৌশলী, প্রশাসক ও সমাজনেতা। স্বপ্ন দেখো বড় করে, আর সেই স্বপ্ন পূরণে কখনো পরিশ্রমে পিছিয়ে থেকো না।’

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, ‘জিপিএ–৫ পাওয়া বড় একটি অর্জন। তবে এখানেই থেমে থাকলে চলবে না। এ অর্জনকে ভিত্তি করে নিজেদের আরও উন্নত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।