রায়পুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাওছার। তিনি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করতে সবাইকে নিজেদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

সভাপতিত্ব করেন দুদকের রায়পুর উপজেলা সভাপতি মো. ছাব্বির আহমেদ মিয়াজি। তিনি বলেন, ‘দুর্নীতি দেশের উন্নয়নের প্রধান বাধা। তাই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিকল্প নেই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কীর্তিনী সরকারি ও বেসরকারি স্কুল–কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় প্রতিনিধিরা।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি নাগরিকদের মানসিকতার পরিবর্তন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।